দীর্ঘ ১৭ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের কসবা উপজেলার ব্রাহ্মণগ্রাম গ্রামের শারীরিক প্রতিবন্ধী দ্বীন ইসলাম। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে এসে তিনি ভোট দেন যা কেন্দ্রজুড়ে উপস্থিত ভোটারদের মাঝেও অনুপ্রেরণা জাগায়।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে তিনি কসবা উপজেলার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্রের দায়িত্বরত ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ারে করেই ভোটকক্ষে প্রবেশ করে শান্তিপূর্ণভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর আবেগাপ্লুত কণ্ঠে দ্বীন ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে ১৭ বছর ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। আশা করি নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের মতো অসহায় ও প্রতিবন্ধীদের কথা ভাববেন এবং ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করবেন।
তার এই অংশগ্রহণকে গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়; দ্বীন ইসলামের উপস্থিতি সেটিই প্রমাণ করেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় মোট ৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭০১ জন, নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭৫৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
বিডি-প্রতিদিন/জামশেদ