দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেক ভোটার। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর একাধিক কেন্দ্রে ভোটাররা জানান, গত কয়েকটি জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। এবার বাধা-বিঘ্ন ছাড়াই ভোট দিতে পেরে আনন্দিত।
বেলা ১২ টার দিকে চট্টগ্রাম-৮ আসনের নগরীর বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় পুরুষ ও মহিলা ভোটারের লম্বা লাইন। কেন্দ্রের ভেতরে আনসার, পুলিশ এবং বাইরে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে। একটি দুর্ঘটনায় চোখের দৃষ্টি হারানো ষাটোর্ধ্ব জসিম উদ্দিন ভোট দিয়ে বলেন, ‘১৫-২০ বছর ভোট দিতে পারি নাই। এবার দিলাম।’
এই কেন্দ্রের ভোটার সত্তরোর্ধ্ব কামাল উদ্দিন বলেন, ‘বউত বছর বাদে দিলামদে (ভোট) আরি বা-জি।’
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আলোক চক্রবর্তী জানান, ৩ হাজার ২০১ জন ভোটারের মধ্যে ৭৯৩ জন ভোট দিয়েছেন বেলা ১২ টা পর্যন্ত। ভোট পড়ার হার ২৩ শতাংশ। বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ কেন্দ্রটি পরিদর্শনে এসে বলেন, ‘প্রায় সব কেন্দ্রেই ভোটারের জোয়ার। আমি আশাবাদী।’
একই আসনের নগরীর মুরাদপুর সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিতে এসে ৮২ বছর বয়সী আবদুল জলিলকে বেশ উৎফুল্ল দেখা গেল। সকাল ১১ টার দিকে কথা হয় তার সঙ্গে। আবদুল জলিল বলেন, ‘আগে ভোট দিতে আসলেই বলতো- ভোট হয়্যা গেছেগা।’
৭৫ বছর বয়সী ভোলার বাসিন্দা রফিকুল ইসলাম এই কেন্দ্রের ভোটার। তিনি বলেন, ‘গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারি নাই। কেন্দ্রের গেটের বাইরে থেকে ধাক্কাই দৌড়াই দিতো। কইতো ভোট অই গেছে, যাও।’
এর আগে সকাল ৯ টায় চট্টগ্রাম-৮ আসনের তাহেরাবাদ তাহের মেমোরিয়াল স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের লাইন নেই। একজন-দুজন করে এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সকাল ১০ টার দিকে পাশ্ববর্তী হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের লম্বা লাইন দেখা যায়।
বিডি-প্রতিদিন/জামশেদ