বাংলা নতুন বছরকে বরণ করতে রাজধানীর ইডেন মহিলা কলেজ প্রাঙ্গণ হয়ে উঠেছিল রঙিন, প্রাণবন্ত আর উৎসবমুখর। বুধবার বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত হয় বর্ণিল “বর্ষবরণ উৎসব-১৪৩৩”। আনন্দ, নাচ, গান আর বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে নতুন বছরকে বরণ করে নেয় শিক্ষার্থীরা।
আয়োজনের শুরু থেকেই কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। রঙিন সাজসজ্জা, বৈশাখী পোশাকে সজ্জিত শুভসংঘের বন্ধুদের উপস্থিতি আর প্রাণখোলা অংশগ্রহণ পুরো পরিবেশকে করে তোলে মুখরিত। বাঙালির চিরায়ত সংস্কৃতিকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে গান, নাচ, কবিতা আবৃত্তি, বক্তৃতা এমনকি বালিশ খেলার মতো গ্রামীণ ঐতিহ্যের নানা মজার খেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,“নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। বৈশাখের হাওয়া আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ আর সাফল্যের বার্তা। আমরা বাঙালি সংস্কৃতিকে ধারণ করে নতুন বছরকে স্বাগত জানাতে এই আয়োজন করেছি, যাতে শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে নিজেদের শেকড়কে নতুন করে চিনতে পারে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়ে নিজেদের প্রতিভার ঝলক দেখান। তাদের প্রাণবন্ত উপস্থিতি আর উচ্ছ্বাসে উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণচঞ্চল ও উপভোগ্য।
বর্ষবরণ উৎসবে অংশ নেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার বন্ধু ফারিয়া হক তাজিম, তাসনোভা তুষিন, সাহিদা খাতুন, চুমকি খাতুন, সুমাইয়া সুহা, পলি আক্তার, সুমাইয়া আক্তার লিয়া, জান্নাতুল ফেরদৌস, তাসলিমা, সানজিদা আক্তার, ফারিয়া ইয়াসমিন আখি, জয়া ইসলাম, আলপনা আক্তার, সুমাইয়া আক্তার, জ্যোতি আক্তার জুই, নুরনাহার খাতুন এবং সাদিয়া আক্তার আরবি।
দিনব্যাপী এই আয়োজন শুধু বিনোদনেই সীমাবদ্ধ ছিল না, বরং শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা, ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।
বিডি-প্রতিদিন/টিএ