বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে বাংলা নতুন বছর উদযাপন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নাচ, গান, আবৃত্তি ও বৈশাখী মেলার আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় শুভসংঘের সদস্যরা। অনুষ্ঠানকে ঘিরে মাঠজুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। মাঠের এক প্রান্তে বসে বৈশাখী মেলা—যেখানে ছিল মাটির পুতুল, হরেক রকমের মাটির সামগ্রী, কুটিরশিল্পের নানান সামগ্রী, শিশুদের খেলনা এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান। অন্য প্রান্তে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপভোগ করতে দর্শকদের ছিল ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
উপজেলা শুভসংঘের সদস্য অংকিতা কর্মকার ও পূজা সাহার নেতৃত্বে “এসো হে বৈশাখ এসো এসো” গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন বয়সের শিল্পীরা। তাদের পরিবেশনায় মুগ্ধ হয়ে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
কালের কণ্ঠের প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু, সভাপতি মহিবুল্লাহ এবং সাংস্কৃতিক সম্পাদক অসীম কর্মকার অনুষ্ঠানটি পরিচালনা করেন। সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রিতদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
দেশীয় সংস্কৃতির এমন সুন্দর আয়োজনের জন্য শুভসংঘকে ধন্যবাদ জানান উপস্থিত দর্শকরা। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপজেলা শুভসংঘের সদস্য মাসুদুল আলম অপু, আব্দুর রহিম, মোস্তাকিম বিল্লাহ রাজু, মামুন অর রশিদ, রুহুল আমীন, রাসেল মাহমুদ, হাসি, মুনা, লিজা, হাফসা, মুগ্ধ হাসান, রমজান আলী রাকিবসহ অন্য সদস্যরা দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/আরকে