জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ব্যতিক্রমধর্মী আয়োজনে দিনমজুরদের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপন করেছে বসুন্ধরা শুভসংঘের আক্কেলপুর উপজেলা শাখা। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে দিনমজুররা।
অনুষ্ঠানের শুরুতে ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলা, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি করে। খেলায় দিনমজুরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। পরে সবাই একসঙ্গে বসে পান্তা, আলু ভর্তা ও মাছ ভাজা খাবার উপভোগ করেন।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়তা করে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি মওদুদ আহমেদ, সাধারণ সম্পাদক শাদমান হাফিজ শুভ, প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, নির্মাণ শ্রমিক নেতা মুসলিম উদ্দিন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দিনমজুরদের সঙ্গে এমন আয়োজন তাদের জন্য বিশেষ আনন্দের এবং এটি সমাজে ইতিবাচক বার্তা বহন করে।
নির্মাণ শ্রমিক নেতা মুসলিম উদ্দিন বলেন, দিনমজুরেরা অবহেলিত শ্রেণির লোক। তাদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের এমন আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয় এবং অংশগ্রহণকারীদের মুখে ছিল আনন্দের হাসি।
বিডি-প্রতিদিন/টিএ