ঘন কুয়াশার কারণে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে নামতে না পেরে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। পরে কুয়াশা পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইটগুলো যাত্রী নিয়ে নিজ নিজ নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছেড়ে যায়।
রবিবার ফ্লাইটগুলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল সকালে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত আলী লিমন জানান, বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন গন্তব্যের ইউএস-বাংলার চারটি ফ্লাইট ওসমানীতে অবতরণ করে। এর মধ্যে আবুধাবি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ফ্লাইট সকাল ৮টা ৪৪ মিনিটে, ওমানের মাসকট থেকে আসা চট্টগ্রামগামী ফ্লাইট ৮টা ৪৮ মিনিটে, চীনের গুয়াংজু থেকে আসা ঢাকাগামী ফ্লাইট ৮টা ৫৮ মিনিটে ও সিঙ্গাপুর থেকে আসা ঢাকাগামী ফ্লাইট ৮টা ৫৪ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।
তিনি আরও জানান, কুয়াশা কাটার পর সকাল ১১টা ৩৫ মিনিটে আবুধাবী থেকে আসা ও ১০টা ৪৫ মিনিটে মাসকট থেকে আসা ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এছাড়া সকাল ১১টা ১৩ মিনিটে গুয়াংজু থেকে আসা ও ১১টা ৪৮ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ওসমানী ছেড়ে যায়।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ‘ডাইভার্ট ফ্লাইট’ রবিবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান, বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। পরে ফ্লাইটগুলো নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ওসমানী ত্যাগ করে।
বিডি-প্রতিদিন/এমই