স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে এবং ভোটাররা উৎসবের মতো ভোট দিবেন।
শনিবার (১০ জানুয়ারি) সকালে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় আদিলুর রহমান খান আরও বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে- গণভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী শত বছরের জন্য দিকনির্দেশনা পাবে। রক্ত দিয়ে দেশের ছাত্র-জনতা যে জুলাই সনদ আমাদের দিয়েছে, সেটা হ্যাঁ ভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে।
উপদেষ্টা আদিলুর রহমান আরও বলেন, আগামী নির্বাচনের অপর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে- জুলাই অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছেন, তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়া। বাংলাদেশে আগামী নির্বাচন উৎসবমুখর হবে।”
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নির্বাচন কমিশনের ওপর। তবে আমি আশাবাদী, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছেন। নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ থাকবে।
পরিদর্শনের সময় তিনি বাস টার্মিনালের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং বিরাজমান সমস্যা পর্যবেক্ষণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ