সিলেটে সাবেক ইউপি সদস্য আতিককে হত্যায় অভিযুক্ত দুই ভাইকে রবিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গতকাল শনিবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের খোয়াজপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই ভাই হলো- সিলেটের ওসমানীনগর থানার পশ্চিম সিরাজনগর গ্রামের আতর মিয়ার ছেলে মঞ্জু মিয়া (৩৩) ও মিজান মিয়া (২৮)।
র্যাব জানায়, পশ্চিম সিরাজনগর গ্রামের সৈয়দ আবদুল ওয়াহাব ও তার ভাই সৈয়দ আব্দুর রশিদ আখলিছের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে গত ৩১ ডিসেম্বর আবদুর রশিদের বসতঘরে হামলার ঘটনা ঘটে। এতে আবদুর ৪ নম্বর বুরুঙ্গা বাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আতিক মিয়ার কাছে বিচারপ্রার্থী হন।
সালিশ বিচারে আতিক মিয়া অভিযুক্ত আবদুল ওয়াহাব ও তার পক্ষের আতর মিয়াকে সতর্ক করেন। ওই দিন বিকেল ৫টার দিকে আতর মিয়ার বাড়ির পাশে সালিশ বিচারক আতিক মিয়াকে একা পেয়ে অভিযুক্তরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রযুক্তির সহযোগিতায় অবস্থান শনাক্ত করে আসামি দুই ভাইকে গ্রেফতার করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/এমই