সিলেটের বিশ্বনাথে বহুল আলোচিত মাদক কারবারি ও তথাকথিত ‘মাদক সম্রাট’ তবারক আলী (৪০) ওরফে পলিথিন তবারককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।
রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাড়ি থেকে বিশ্বনাথ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তাকে সিলেট আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তবারক আলী সিলেট অঞ্চলের চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই ও মারামারিসহ মোট ১৫টি মামলা রয়েছে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীও তাকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছিল। সাম্প্রতিক সময়ে তিনি এলাকায় আত্মগোপনে থেকে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও তবারক আলীকে আটক করা হয়। পরে তাকে গত বছরের একটি ডাকাতির প্রস্তুতি মামলায় (মামলা নং-১, তারিখ-১/৩/২০২৫ ইং) গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারি তবারক আলীকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল