লালমনিরহাটের আদিতমারীতে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নন-ফুড আইটেম বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লালমনিরহাট ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, অ্যাডভোকেট আফরোজা জিনাত রোজি এবং জেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা ইলিয়াস আহমেদ।
অনুষ্ঠানে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিকসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আদিতমারীতে ৪০টি এবং কালীগঞ্জে ৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৬ ধরনের হাইজিন সামগ্রীসহ সহায়তা দেওয়া হয়। এসব সামগ্রীর মধ্যে ছিল গোসল ও কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি প্যাড, টয়লেট টিস্যু, টুথপেস্ট ও টুথব্রাশ, হ্যান্ডওয়াশ, নারিকেল তেল, তোয়ালে, তারপলিন, ওয়াটার জেরিক্যান ও শেল্টার টুলকিটসহ প্রয়োজনীয় উপকরণ।
প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা, যা দুর্যোগের সময় নিরলসভাবে কাজ করে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংস্থাটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারও সহায়তা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে।
বিডি-প্রতিদিন/এআইএস