নারায়ণগঞ্জের বন্দরের কেওঢালা এলাকায় পরিবেশ অধিদফতরের অভিযানে ২টি ইটভাটা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
জরিমানাকৃত ইটভাটা দুটি হলো- বন্দরের মদনপুর কেওঢালা এলাকার খান ব্রিকস ম্যানুফেকচারারকে ৭০ হাজার এবং কেওঢালা বাগদোবাড়িয়া এলাকার মেসার্স আল্লাহ মহান ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে এই দুই ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানের সহযোগিতায় ছিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টিম। সেইসঙ্গে অভিযানের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, দুটি ইটভাটাকে জরিমানা করার পাশাপাশি বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কেএইচটি