জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–৩ (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. কামরুজ্জামান রতন মনোনয়ন পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. আবু ইউসুফ।
অধ্যাপক আবু ইউসুফ বলেন, পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে আমরা মুন্সীগঞ্জ সদর ও গজারিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও সৌহার্দ্য, শিষ্টাচার ও গঠনমূলক চর্চার মধ্য দিয়ে মুন্সীগঞ্জকে দেশের রাজনীতিতে একটি মডেল হিসেবে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ব্যক্তিগত জয়-পরাজয়ের চেয়ে তাঁর কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো মুন্সীগঞ্জের সামগ্রিক উন্নয়ন, অগ্রগতি ও সাধারণ মানুষের সমৃদ্ধি।
অধ্যাপক ইউসুফ আশা প্রকাশ করেন, সম্মান, সংলাপ, সৌজন্যতা ও সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়ার নাগরিকদের মতামতের ভিত্তিতে সমন্বিত অগ্রযাত্রা সম্ভব হবে—ইনশাআল্লাহ।
বিডি-প্রতিদিন/মাইনুল