আগামী সংসদ নির্বাচনে যশোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিএনপি যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সুসংগঠিত। তারেক রহমানকে ক্ষমতায় আনতে সবাই একত্রে কাজ করতে হবে।
শুক্রবার শার্শার বাহাদুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধান্যখোলা হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি ক্ষমতায় গেলে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় মাদক বিক্রেতাদের প্রতিহত করা হবে। সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তৃপ্তি। তিনি বলেন, সন্ত্রাসী, দুর্বৃত্ত, চাঁদাবাজদের ঠাঁই শার্শার মাটিতে হবে না।
মফিকুল হাসান তৃপ্তি আরও বলেন, জান্নাতের টিকিট বিক্রি করে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। এ দেশের মুসলমানরা ধর্মভীরু, তারা ধর্মান্ধ নন, তাদের আবেগ নিয়ে খেলা করবেন না।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে। মা-বোনদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে।
ধান্যখোলা ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস, মোনায়েম হোসেন, আমিনুর রহমান নেদা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/এমই