তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীর অধিকার নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন, চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
তিনি বলেন, বিএনপি নারীর ক্ষমতায়ন, সম্মান, মর্যাদাকে প্রাধান্য দিয়ে আসছে। যখনই ক্ষমতায় গেছে, নারীর ক্ষমতায়নে কাজ করেছে। তারেক রহমান ৩১ দফার ২৩ নম্বরে নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। দফাগুলো বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে।
শুক্রবার চট্টগ্রামের আনোয়ারায় তৈলারদ্বীপে মহিলা সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে আনোয়ারা-কর্ণফুলী উপজেলার নারী ইউনিয়ন পরিষদের সদস্য এবং বিএনপি ও অঙ্গসংগঠনের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় স্থাপন করেন। তিনি গার্মেন্টস শিল্পের সূচনার মাধ্যমে নারীদের অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করেছেন। আনোয়ারা-কর্ণফুলীতে কেইপিজেড বিএনপি সরকারের আমলেই হয়েছে।
তিনি আরও বলেন, আগামীতে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। নারী ও শিশুদের জীবনমান বিকাশে যুপোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।
সমাবেশে শাহওয়াজ জামাল নিজাম সনি ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নারী সদস্যরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/এমই