শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট উৎসব। একইসাথে চলছে গণভোটও। সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা যায় কোনো রকম ঝামেলা ও দীর্ঘ লাইন ছাড়া ভোটাররা নিরবে ভোট দিয়ে চলে যাচ্ছেন। বেশিরভাগ ভোটার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের।
ঢাকা ১৩ আসনের মধ্যে একটি ভোটকেন্দ্র মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়। ঢাকা ১৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১। পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ আর নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৮ জন।
ঢাকা ১৩ আসনের মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার আছে ৪ হাজার ৪৫০ জন। নারী ভোটার ২২৭৯ আর পুরুষ ভোটার ২১৭১ জন। এই আসনে মোট প্রার্থী ৯ জন।
সকাল ৮ টার পর দেখা যায় তরুণ বৃদ্ধ সব বয়সী মানুষ নিরবে ভোট দিয়ে বের হচ্ছেন। কোনো ধরনের দীর্ঘ লাইন নেই, অহেতুক বিড়ম্বনা নেই। কেন্দ্রের ভেতরের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন ভোটাররা। নারী ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শোয়েব হোসাইন বলেন, এখানে খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। দু'ঘণ্টা পর জানাতে পারবো ভোটের হার কেমন। তিনি আরও বলেন, কেন্দ্রে আনসার সদস্য আছে ২৬ জন পুলিশ আছে ১৬ জন।
৯ জন প্রার্থী থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ধানের শীষ প্রতিকে ববি হাজ্জাজ ও বাংলাদেশ খেলাফত মজলিসের রিকসা প্রতিকের মামুনুল হকের প্রদিদ্বন্দ্বিতা হবে বলে ধারনা করছেন ভোটাররা।
বিডি প্রতিদিন/হিমেল