নবীন ভোটারদের পাশাপাশি ভোট দিতে আসছেন প্রবীণরাও। আজ বৃহস্পতিবার ভোটের দিন সকালে সুষ্ঠু পরিবেশ বিরাজ করায় রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে প্রবীণ ভোটারদের উচ্ছ্বাস ও উদ্দীপনা নিয়ে ভোট দিতে আসতে দেখা গেছে।
এসব প্রবীণ ভোটারদের অধিকাংশই পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কেন্দ্রে উপস্থিত হন। এদের মধ্যে অনেকে জীবনের শেষ ভোট দিতে পেরে বেশ আনন্দ প্রকাশ করেন। ইস্টার্ন হাউজিং থেকে ৯৫ বছর বয়সী আব্দুল আজিজ আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন। জীবনের একটি নির্বাচন ছাড়া বাকি সব নির্বাচনেই তিনি ভোট দিয়েছেন। জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি আমার ছেলের সঙ্গে কেন্দ্রে এসেছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
এদিকে বেরিবাঁধ এলাকার ৬৫ বছর বয়সী সমিরন তার প্রতিবেশী আফসা বেগমকে (৫৯) নিয়ে আহছানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট দিতে আসেন। ৬০ ঊর্ধ্ব এই নারী জীবনে বেশ কয়েকবার ভোট দিলেও এবারের ভোট নিয়ে তার উত্তেজনা বেশি। বাংলাদেশ প্রতিদিনকে সমিরন বলেন, এর আগে অনেকবার ভোট দিলেও এবার ভোট দিতে এসে খুব আনন্দ লাগছে। চারদিকে একটা উৎসব-উৎসব ভাব।
সমিরনের পাশাপাশি ভোটের দিন সকালে আরও অনেক বয়স্ক নারীকে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। অনেককে হুইলচেয়ারে করেও কেন্দ্রে আনতে দেখা গেছে। প্রবীণদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ