লাইনে দাঁড়িয়ে সকাল সাড়ে ৭টায় প্রথম ভোট দিয়েছেন বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তিনি রামপালের ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন।
ভোট দিয়ে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সকাল সকাল ভোট দিয়েছি। আমি মনে করি সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে পারবে। বিএনপির পরিকল্পনা অনুযায়ী বিএনপির পক্ষে থাকবে মানুষ। আমার নেতা তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা ইতোমধ্যে জাতির কাছে তুলে ধরেছেন যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, ভোটের পরিবেশ ঠিক আছে, কিন্তু আমরা শঙ্কিত গত রাতে মোংলা ও রামপালে কালো টাকা ছড়িয়ে ভোট কেনার পাঁয়তারা চলছে। আমরা আশা করবো এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে। এবং প্রশাসন ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে।
এদিকে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ সকাল সাড়ে ৭টায় ভোট দিয়েছেন রামপালের সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
মোংলা-রামপালের ভোট কেন্দ্রগুলোতে ভোর থেকেই মানুষের ভিড় জমেছে। কেন্দ্রের গেট খোলার আগেই বাহিরে জটলা বাঁধে ভোটারদের। কেন্দ্রগুলোতে দেখা গেছে নারী-পুরুষের দীর্ঘ লাইন।
বিডি-প্রতিদিন/তানিয়া