খুলনা-২ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই সোনাডাঙ্গার তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রে শতাধিক ভোটার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
কেন্দ্রের বাইরে সড়কের দুই পাশে বিএনপি ও জামায়াতের কর্মীদের ভোটার স্লিপ বিতরণ করতে দেখা যায়।
একই চিত্র দেখা গেছে গোবরচাকা ন্যাশনাল গার্লস স্কুল, খুলনা কলেজিয়েট স্কুল, পল্লীমঙ্গল স্কুল, গাজী মিজানুর রহমান স্কুল, মেহমানিয়া স্কুল ও সিদ্দিকিয়া মাদ্রাসা কেন্দ্রেও। সকাল থেকেই এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রের ভোটার মোস্তফা সিরাজ বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি রয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহিন জানান, এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৮১ জন। প্রথম ঘণ্টায় ২১৮টি ভোট পড়েছে। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।
উল্লেখ্য, খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের জাহাঙ্গীর হুসাইন হেলাল ও ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি-প্রতিদিন/সুজন