ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী হামিদুর রহমান। তবে শুরুতে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট দিতে গিয়ে তিনি সমস্যায় পড়েন।
অনলাইনে তার ভোটকেন্দ্র হিসেবে আইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখালেও কেন্দ্রের তালিকা অনুযায়ী তিনি এ কেন্দ্রের ভোটার নন বলে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন। তবে পরবর্তীতে বিষয়টি সমাধান হলে তিনি ভোট প্রদান করেন এবং আনন্দ প্রকাশ করেন।
জানা গেছে, ঢাকা-৭ আসনের আইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগাসাদেক, বংশাল (কেন্দ্র নং ৫৪) কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এনায়াত উল্লা।
বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে গেছে। বেশির ভাগ কেন্দ্র থাকছে সিসি ক্যামেরার আওতায়। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯ আসনে একটানা ভোট গ্রহণ চলবে। সারা দেশে আজ সাধারণ ছুটি। এমনকি শপিং মলগুলো বন্ধ থাকছে।
আজকের বহুলপ্রতীক্ষিত ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ ও স্বতন্ত্র রয়েছেন ২৭৩ জন।
ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। এর বাইরে সশস্ত্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নির্বাচনি মাঠে রয়েছেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সবকিছু কঠোরভাবে নজরদারি করছে নির্বাচন কমিশন (ইসি)।
এজন্য ইসিতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এক্ষেত্রে নারী ও পুরুষ ভোটার সমান সমান। নির্বাচনের ফলাফল প্রকাশ দেরি হবে না বলে জানিয়েছে ইসি। প্রবাসী ও দেশে মোট পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ১১ লাখ ৬৩ হাজারের বেশি ভোটার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ