কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।
কিশোরগঞ্জ সদর উপজেলার ৭৩ নং বিন্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৮০ জন। সকাল সোয়া ৯টা পর্যন্ত কাস্টিং হয়েছে ১৯৯ ভোট। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ কে এম নাছিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে এবার মোট প্রার্থী ৪৮ জন। এর মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ৮ জন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ৮ জন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ৭ জন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৮ জন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিককী) আসনে ৮ জন ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লক্ষ ২৭ হাজার। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ লক্ষ ৯৪ হাজার ১৮৫ জন, নারী ভোটার ১৩ লক্ষ ৩২ হাজার ৭৮৭ জন ও তৃতীয় লিঙ্গ ভোটার ২৮ জন।
বিডি-প্রতিদিন/তানিয়া