ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
সকালে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি স্বাভাবিক দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয়, আবু জাফর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ও লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসছেন। আধা কিলোমিটারের মধ্যে অবস্থিত এ কেন্দ্রগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।
কয়েকজন ভোটার জানান, এবারের ভোটের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর। তাদের দাবি, অতীতে এসব কেন্দ্রে অবাধ ভোট হয়নি। নটাপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিগত সময়ে অস্বাভাবিক হারে ভোট পড়ার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেন তাঁরা। তবে এবার ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোট দিতে কেন্দ্রে আসছেন বলে জানান।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বলেন, সুষ্ঠু ভোটগ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় ৫টি আর্মি ক্যাম্প ১৪টি রুরাল পয়েন্টে দায়িত্ব পালন করছে। এছাড়া ৫ প্লাটুন বিজিবি, র্যাবের ৪টি টহল টিম, ৪ হাজার ৬০২ জন আনসার ভিডিপি সদস্য, আনসারের ১১টি মোবাইল ও স্ট্রাইকিং টিম মোতায়েন রয়েছে। পুলিশের ১ হাজার ৪৩ জন সদস্য, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একাধিক বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
রাজবাড়ী-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের ১৫৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ১৬১ জন।
অন্যদিকে রাজবাড়ী-২ আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের ১৯৮টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৫১ হাজার ৬৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডি-প্রতিদিন/সুজন