কোনো ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ৭২ বছর বয়সী আকলিমা বেগম। রাজধানীর যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা) কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
ভোট দিয়ে তিনি বলেন, খুব সুন্দর ভোট হচ্ছে। ভোট দিয়ে ভালো লাগল।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জসিম উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, এখানে মোট ভোটার দুই হাজার ৫৮৩ জন। ৬টি বুথে সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত গড়ে ১৬০ ভোট কাস্ট হয়েছে।
এদিকে, সারা দেশেই উৎসবের আমজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন। অনেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন।
অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে। এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।
এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ