সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও সকাল থেকেই নারী ভোটারদের ভিড় দেখা যায়। অনেকে লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দেওয়ার অপেক্ষা করেন।
সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রের এক নারী ভোটার বলেন, সকালে ভোট দিলে স্বস্তিতে দেওয়া যায়। পরে রোদ ও ভিড় বাড়লে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তাই সকালেই চলে এসেছি।
সিলেট-১ আসনের সুবিদবাজার এলাকার পিটিআই একাডেমি ভবন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, সব প্রার্থীর এজেন্ট উপস্থিত আছেন। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টায় প্রায় ৫০টি ভোট পড়ে। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৯৭ জন।
বিডি-প্রতিদিন/সুজন