নীলফামারীতে শান্তিপূর্ণ পরিবেশে ৫৬২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়ে যেতে থাকে। জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নীলফামারী শহরের পুলিশ লাইন্স একাডেমি কেন্দ্র এবং রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রের ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম তুহিন এবং জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ। ভোট দিয়ে উভয় প্রার্থী নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়েছেন।
নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম তুহিন বলেন, ২০০১ সালের পর আজ প্রথম ভোট দিচ্ছি। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে। যদিও জামায়াতের কিছু প্রার্থী ভয় দেখানোর চেষ্টা করেছেন।
জামায়াত ইসলামের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ বলেন, ভোটের পরিবেশ চমৎকার রয়েছে। আশা করি শেষ পর্যন্ত এ রকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
জেলার চারটি আসনে মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার ভোট দিতে পারবেন। এই আসনে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জমিয়তে ইসলামী বাংলাদেশ ও ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫৬২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন