ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ৫০ নম্বর মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর কেন্দ্রের বাইরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আমানউল্লাহ আমান বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের আশা প্রকাশ করেন এবং ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। আশা করি ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়। কেন্দ্রের পরিবেশ শান্ত আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ