স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিতে আসছেন ভোটাররা। কেন্দ্রের পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় মোহাম্মদপুরে লালমাটিয়া কেন্দ্রগুলোতে সকাল সকাল ভোটাররা আসছেন। এটাকে ভালো লক্ষণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রিজাইডিং কর্মকর্তারা বলছেন, এটি খুবই চমৎকার, বেলা বাড়লে ভোটের হারও অনেক বেড়ে যাবে।
সকাল সাড়ে ৯ টায় সরেজমিনে মোহাম্মদপুর, লালমাটিয়া কেন্দ্রে ভোট দেওয়ার দৃশ্য দেখা যায়।
ঢাকা-১৩ আসনের মধ্যে একটি ভোটকেন্দ্র মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। এই কেন্দ্রে নারী ও পুরুষ মিলে মোট ভোটার ৫২৩৮ জন। পুরুষ ভোটার ২৫৮৪ আর নারী ভোটার ২৬৫৪ জন।
পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মহিউদ্দিন বলেন, দুই ঘণ্টায় ১৬০ ভোট পরেছে, যা খুবই চমৎকার। এতো সকালে এ এলাকায় এতো ভোট হয় না। সবাই ঘুম থেকে উঠে নাস্তা করে ধীরেসুস্থে সাধারণত আসেন। এবার সকাল থেকেই বেশ আগ্রহ ভোটারদের।
নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, শতাধিকের বেশি ভোট পড়েছে সকালের প্রথম দু ঘণ্টায়। বেলা বাড়লে ভোটের হার আরও বাড়বে।
এই কেন্দ্র পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার বলেন, সব কেন্দ্রগুলোতে যাচ্ছি, আইনশৃঙ্খলা খুবই চমৎকার। ভোটের পরিবেশ চমৎকার আছে। ভোটাররাও স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন।
উল্লেখ্য, ঢাকা-১৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১। পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ আর নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮ জন। ৯ জন প্রার্থী আছেন এই ঢাকা-১৩ আসনে।
বিডি প্রতিদিন/জুনাইদ