ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল। স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে তিনি কেন্দ্রে এসে ভোট দেন।
ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে খালেদ হোসেন মাহবুব বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। ভোট দিতে পেরে খুশি। আশা করি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হবে।
কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে হাজির ছিলেন বৃদ্ধ লিয়াকত আলী। তিনি বলেন, নামাজ পড়ে হেঁটে এসেছি। কেন্দ্রের একটি চেয়ারে বসে তিনি ভোট দেওয়ার অপেক্ষা করেন।
মিনিট দশেকের মধ্যে কেন্দ্রটিতে ভোটারের লাইন পড়তে শুরু করে। সাড়ে সাতটায় নারী ও পুরুষ ভোটারসহ অন্তত ৫০ জন লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছিলেন। ভোট দিয়ে আসার পর ফেরদৌসি বেগম বলেন, নারী বুথে আমি প্রথম ভোটার। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগলো। কয়েক বছর ধরে ভোট দিতে পারিনি।
কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মো. ইকবাল হোসেন জানান, এখানে মোট ভোটার সংখ্যা ৩,৬৮১ জন এবং ভোটগ্রহণ যথাসময়ে শুরু হয়েছে। ভোটাররা জানিয়েছেন, সকাল সকাল ভোট দেওয়ার আহ্বান থাকায় তারা দ্রুত ভোট দিতে আগ্রহী।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯ জন প্রার্থী। বেশিরভাগ আসনে প্রতিদ্বন্দ্বিতা তুমুল হওয়ার পূর্বাভাস মিলেছে।
বিডি-প্রতিদিন/সুজন