নারায়ণগঞ্জের ফতুল্লায় অ্যাসরোটেক্স গ্রুপের একটি তৈরি পোশাক কারখানা থেকে ইদ্রিস আলী (৪৩) নামে এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এনায়েতনগরের বারৈভোগ এলাকার ফারিহা নিট টেক্স লিমিটেডের স্টোররুমে গতকাল ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। ইদ্রিস সোনারগাঁ উপজেলার গোয়ালদীর আবুল কাশেমের ছেলে ও কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ছিলেন। সিকিউরিটি ম্যানেজার মনির হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইদ্রিসের লাশ দেখতে পান কারখানার একজন শ্রমিক।
পরে পুলিশে খবর দেওয়া হয়। তিনি বলেন, সোমবার সন্ধ্যা ৭টায় কারখানা ছুটি হয়। এরপর অফিসের গাড়িতে তার বাড়িতে ফেরার কথা ছিল। সহকর্মীরা নিচে নেমে তাকে ফোন দিয়েও পাচ্ছিল না। ইদ্রিস আলীকে ছাড়াই গাড়ি ছেড়ে যায়। মঙ্গলবার তার লাশ পাওয়া গেল।
স্ত্রী হাফিজা আক্তার জানান, বিকালে ছুটির পর সন্ধ্যায় তিনি কারখানার গাড়িতেই বাড়ি ফেরেন। সোমবার না ফেরায় তার মোবাইলে কল দিলে কেউ রিসিভ করেননি। বিষয়টি কর্মকর্তাদের জানালে তাদের পক্ষ থেকে বলা হয়, ইদ্রিস কারখানায় নেই। তিনি বলেন, আমরা পুলিশকে রাতেই জানিয়েছিলাম। সকালে শুনি স্টোররুমে লাশ পাওয়া গেছে। হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলছে।