ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন দেশের সব বিভাগেই দু-এক জায়গায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। এছাড়া রংপুরে ৪০ মিলিমিটার, ডিমলায় ৩২ মিলিমিটার, রাজারহাটে ২৯ মিলিমিটার এবং কিশোরগঞ্জের নিকলীতে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে বগুড়া, ময়মনসিংহ, চট্টগ্রাম, গোপালগঞ্জ ও খুলনাসহ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে। এর প্রভাবে আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরনের আবহাওয়া পরদিনও থাকতে পারে।
তবে ১ এপ্রিলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিডি-প্রতিদিন/জামশেদ