গাইবান্ধায় বই ঘর পাঠচক্রের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। এই পাঠচক্রের মূল লক্ষ্য তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটানো।
মঙ্গলবার (৫ মে) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা ও বই ঘর পাঠাগারের যৌথ উদ্যোগে ‘বই ঘর পাঠচক্র’ এর তৃতীয় আসর অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব, জ্ঞানচর্চা এবং ব্যক্তিগত উন্নয়নে বইয়ের ভূমিকা নিয়ে প্রাণবন্ত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের পঠিত বইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং মতামত বিনিময়ের মাধ্যমে একটি সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক পরিবেশ সৃষ্টি করেন।
এতে উপস্থিত ছিলেন ‘সৃজনশীল গাইবান্ধা’ ফাউন্ডেশনের উপদেষ্টা ও গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এ.বি.এম. জিল্লুর রহমান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের পাঠচক্র আয়োজন করা হবে, যাতে তরুণ সমাজ বইমুখী হয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‘সৃজনশীল গাইবান্ধা’ দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু সচেতনতা এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিডি-প্রতিদিন/জেডআর