ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীর বন্ধুর বিরুদ্ধে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার নারকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, ওই গৃহবধূ তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আব্দুল্লাহ নামের ওই যুবক তাকে একা পেয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন সকালে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, অভিযুক্ত আব্দুল্লাহ পূর্ব পরিচিত হওয়ার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ অপরাধ ঘটিয়েছে। তারা দ্রুত অপরাধীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/এমই