নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে সংসদীয় কার্যক্রম শুরু করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিয়া পাঠান পাপন।
রবিবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকায় বিশিষ্ট আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কুশল বিনিময় করেন এবং দোয়া কামনা করেন।
পরে শহরের ফারুকী পার্কস্থ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে আমাকে যে ১১টি সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রতিটি আসনের উন্নয়নে কাজ করে যাব। বিশেষ করে সমাজের অবহেলিত নারী ও শিশুদের উন্নয়নে কাজ করবো। সরকার জনগণের জন্য কাজ করার যে সুযোগ দিয়েছে, তা আন্তরিকতার সঙ্গে পালন করবো।
তিনি আরও বলেন, দায়িত্ব কিংবা পদ-পদবির ক্ষমতা মানুষ যখন পেয়ে বসে, তখন সেটিকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে। আর যখন ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়, তখন কালের স্রোতে তাকে ভেসে যেতে হয়, তার অস্তিত্ব থাকে না। তাই আমি ক্ষমতার মোহ নয়, বরং কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই।
বিডি-প্রতিদিন/এমএল