জয়পুরহাটের পাঁচবিবিতে পণ্যবাহী ট্রাকের চাপায় রাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম জনি পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে জনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে পাঁচবিবি বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখান থেকে পাঁচবিবি পৌর শহরের পাঁচমাথা মোড়ের দিকে যাওয়ার পথে লাঙ্গলহাটি এলাকায় তার মোটরসাইকেলটি চাকা পিছলে রাস্তায় পড়ে যায়। ঠিক ওই সময়ই জয়পুরহাট থেকে হিলিগামী একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘাতক ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম