বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং কারো বিরুদ্ধে অপপ্রচার বা ব্যক্তিগত আক্রমণের রাজনীতি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসন থেকে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর এলাকায় আয়োজিত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, এই বাংলাদেশে আর কোনো প্রতিহিংসা ও হিংসার রাজনীতি হবে না। প্রধানমন্ত্রীও বারবার এ কথা বলেছেন। বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করে না।
তিনি আরও বলেন, এই রাষ্ট্র হবে জনগণের সেবক, আর জনপ্রতিনিধিরা জনগণের সেবক হয়ে জনকল্যাণে কাজ করবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং সেবা নিশ্চিত করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব।
তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য সেলিম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/এমএল