সিলেটে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন’। আগামী ১৭ নভেম্বর (সোমবার) দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
খাদিমনগর পীরেরবাজার এলাকার প্রতিষ্ঠান ‘জামেয়াতুল খাইর আল-ইসলামিয়া’ আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন আয়োজক মাদ্রাসার শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আবদুল মুকতাদির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিরমজলুম দেশ ফিলিস্তিনের সমস্যা শুধু মধ্যপ্রাচ্য বা একটি নির্দিষ্ট ভূখণ্ডের নয়। এটি মুসলিম উম্মাহর জন্য এক গভীর সংকট ও দেশটির প্রতি মানবাধিকারবিরোধী অব্যাহত অপরাধ। সিলেটের আন্তর্জাতিক সম্মেলন থেকে বিশ্বের মুসলিম দেশগুলোকে একযোগে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হবে। মজলুমদরদি এই আয়োজনে লাখো মানুষের সমাগমের প্রত্যাশা রয়েছে।
তিনি আরও বলেন, এই সম্মেলনের প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের সকল সংকটপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি বিভিন্ন মেয়াদে ২৫ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/কেএইচটি