সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি আব্দুর রাজ্জাক হত্যা মামলায় গ্রেফতার হওয়া তার ছেলে আসাদ আহমদের দ্বিতীয়বারের মতো রিমান্ড মঞ্জুর হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে রিমান্ড শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, পুলিশ তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল।
নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমার তেলিরাই গ্রামের বাসিন্দা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। মঙ্গলবার আদালতে আসাদ আহমদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক শরিফুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩১ অক্টোবর নিজ বাড়ির ছাদে খুন হন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক। ধারালো ছুরির আঘাতে তার নাড়িভুড়ি বের হয়ে আসে। এ ছাড়া শরীরের আরও কয়েকটি অংশেও আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে আসাদকে গ্রেফতার করে। পরিবারের সদস্যরা হত্যা মামলা দিতে রাজি না হওয়ায় দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল কামাল বাদী হয়ে মামলা দায়ের করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রিমান্ডে আসাদ একেকসময় একেক কথা বলছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তে তাকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি