দেশের হসপিটালিটি ও কুইক সার্ভিস রেস্টুরেন্ট (কিউএসআর) খাতের জন্য আন্তর্জাতিক মানের দক্ষ জনবল তৈরিতে যৌথ উদ্যোগ নিয়েছে প্রিসিশন ফুডস অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই)।
আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়নে গত বৃহস্পতিবার ঢাকা দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রিসিশন ফুডসের চেয়ারম্যান নাসির লতিফ এবং এনএইচটিটিআই’র অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন হায়াত।
চুক্তির আওতায় পেশাগত প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, ট্যালেন্ট ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক মানের ফুডসার্ভিস পরিচালনায় দক্ষতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান। এনএইচটিটিআই প্রার্থী নির্বাচন ও প্রশিক্ষণ সমন্বয় করবে, আর প্রিসিশন ফুডস বাস্তবভিত্তিক অপারেশনাল প্রশিক্ষণ ও শিল্প-অভিজ্ঞতা প্রদান করবে।
প্রিসিশন ফুডস অ্যান্ড প্যাকেজিং লিমিটেড বর্তমানে বাংলাদেশে একটি আন্তর্জাতিকভাবে পরিচিত কুইক সার্ভিস ফুড ব্র্যান্ড চালুর প্রস্তুতি নিচ্ছে। সফট প্রেটজেলভিত্তিক ব্র্যান্ডটির বিশ্বের ২৮টি জায়গায় ২১০০-এর বেশি আউটলেট রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে আধুনিক খাদ্য সেবা খাতের বিস্তারের সঙ্গে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদাও দ্রুত বাড়ছে। এই উদ্যোগের মাধ্যমে তরুণদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও হাতে-কলমে কাজ শেখার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/টিএ