চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রামের জামাল হোসেনের ছেলে জুবায়ের এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে সাফি। তারা দুজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও চাচাতো ভাই। এছাড়া নাচোল উপজেলায় মারা যাওয়া শিশুটির নাম আসমাউল হোসেন (২)। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামের মো. মানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ি এলাকার পাগলা নদীতে গোসল করতে গিয়ে সাফি পানিতে ডুবে যেতে শুরু করে। তাকে উদ্ধার করতে গিয়ে জুবায়েরও নদীতে নেমে পড়ে। একপর্যায়ে দুই চাচাতো ভাই একসঙ্গে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাদের উদ্ধার করে, তবে ততক্ষণে তারা মারা যায়।
অন্যদিকে, নাচোল উপজেলার টাকাহারা গ্রামে নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে আসমাউল হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এবং নাচোল থানার ওসি সুকোমল দেব নাথ।
বিডি-প্রতিদিন/এমএল