“রোগ প্রতিরোধের চেয়ে প্রতিকারই উত্তম” এই স্লোগানে মানবদেহের সুস্থতা এবং ক্যান্সারসহ নানা ধরনের রোগ থেকে দেহকে মুক্ত রাখতে খাদ্যাভ্যাসে সচেতনতা বাড়াতে নেত্রকোনায় পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে।
উদ্বোধনী দিনে সোমবার (১৫ জুন) নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের রাজুরবাজার এলাকায় আঞ্চলিক কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বারটানের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা: আলতাফ উন নাহারের তত্বাবধানে নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, সুষম খাবার, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, নিরাপদ খাদ্যসহ সুস্বাস্থ্য ফলিত পুষ্টির গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়। এতে শিক্ষক, মৎস্য, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ সহকারী কর্মকর্তা, মহিলা বিষয়ক, সমাজসেবা, যুব উন্নয়ন, সাংবাদিক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মীসহ
দুই ভাগে ৩০ জন করে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
যারা নিজ নিজ প্রতিষ্ঠানে এবং পরিবারে খাদ্য গ্রহণে বিশেষ করে শিশু খাদ্যে সচেতন হবেন। পাশাপাশি অর্গানিক পদ্ধতিতে কৃষির উৎপাদন বাড়াতেও এই প্রশিক্ষণ সহায়ক হবে। নিরাপদ খাদ্য বিষয়েও আইন রয়েছে যা ভেজাল খাদ্য প্রদানে কঠোর শাস্তির বিষয়েও আলোকপাত করেন নিরাপদ খাদ্য বিভাগের কর্মকর্তা।
প্রশিক্ষণে শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী খাদ্যাভ্যাস করার আহবান জানান প্রশিক্ষকগণ। তারা বলেন, সুস্থ ভাবে বেঁচে থাকলে হলে নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। তবে টানা তিনদিন অনিরাপদ খাদ্য গ্রহণে কিডনি জটিলতাসহ নানা ধরনের রোগের সূত্রপাত হতে পারে বলেও হুশিয়ার করেন তারা।
বিডি প্রতিদিন/এএম