আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে দলটির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
‘সিলভার সেলিম’ নামে পরিচিত বাগেরহাট-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের পক্ষে তার বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স সোমবার (২২ ডিসেম্বর) বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
এম এ এইচ সেলিম বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা এবং সিলভার লাইন গ্রুপের কর্ণধার। নব্বইয়ের দশকের শেষভাগে তিনি বাগেরহাটের বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনকে পরাজিত করে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য থাকাকালে তিনি বাগেরহাটের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সময়ে মুনিগঞ্জ সেতু, শহররক্ষা বাঁধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষা ও অবকাঠামোগত প্রতিষ্ঠান গড়ে ওঠে।
বিএনপি ক্ষমতা হারানোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি গ্রেফতার হয়ে কারাগারে যান এবং জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর দীর্ঘদিন রাজনৈতিক প্রতিকূলতা ও আওয়ামী লীগের রোষানলে পড়ে রাজনীতির বাইরে ছিলেন।
দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তনে বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে এম এ এইচ সেলিম বলেন, বাগেরহাটের জনগণের প্রতি তার দায়বদ্ধতা অপরিসীম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিল্পায়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চান তিনি।
জনগণের সেবা করতেই তিনি রাজনীতিতে সক্রিয় এবং সে লক্ষ্যেই তিনটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ