ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের কাছ থেকে আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, জেলা যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন ও আবু রায়হান, রংপুর-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আখতার হোসেন গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক এবং প্রথম রাজবন্দী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র হিসেবে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে একজন জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভোটারদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে তিনি রংপুর-৪ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, ইতোমধ্যে তার বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের কারণে গণঅভ্যুত্থানের নায়ক আখতার হোসেন পীরগাছা-কাউনিয়ার মানুষের আস্থা ও ভালোবাসায় বিশেষ স্থান করে নিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল