জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে এনসিপির সমর্থকরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুব শক্তি ও ছাত্র শক্তির নেতারা। তাদের মধ্যে ছিলেন এনসিপি উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী শামিম কাউছারসহ অন্যরা।
একই দিনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এবং কুমিল্লা জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. জসীম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কুমিল্লা (উত্তর) জেলা সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল বেগ, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. নজরুল ইসলাম ও যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি মো. মোস্তফা কামালসহ অন্যরা।
এছাড়া মঙ্গলবার বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশসহ মোট চারটি রাজনৈতিক দল মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবারের চারটি মনোনয়নপত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ পর্যন্ত মোট ১২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাঁচটি, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি, জাতীয় নাগরিক পার্টি একটি, বাংলাদেশ খেলাফত মজলিশ একটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি, খেলাফত মজলিশ একটি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ একটি ও গণঅধিকার পরিষদ একটি।
বিডি-প্রতিদিন/এমই