বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেনী-১ আসনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফেনী জেলা শাখা ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।
মঙ্গলবার ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাম্পে বিভিন্ন বয়স ও পেশার কয়েকশ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, নাক-কান-গলা, চর্মরোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি, নিউরোলজি, নিউরো সার্জারি ও ডেন্টালসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সেবা প্রদান করেছেন।
ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. আবু নাসের বলেন, অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই বিএনপি ও ড্যাব এই উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলা বিএনপি ও ড্যাবের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন