আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মোংলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মোল্লা রহমাতুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতারা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমির কাছ থেকে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় এনসিপি নেতা মো. আল-আমিন, মো. আবু হাসান, মাজেদুল ইসলাম মৃধা, মাজেদুর রহমান জুয়েল ও মোল্লা মোয়াজ্জেম হোসেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোল্লা রহমাতুল্লাহ বলেন, আমার দল আমাকে মনোনয়ন দিয়ে মোংলা-রামপালে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। আমার নির্বাচনী ইশতেহার হলো- মোংলার ইতিহাস ও ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনা। এ ছাড়া জুলাই সনদ ও গণভোটে ‘হ্যাঁ’ বলুন, এনসিপির শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়তে সহায়তা করুন।
তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচনকে ঘিরে নানা ধরনের গুজব চলছে। পুলিশ ও সাংবাদিক মিলে এই গুজব প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাহলেই আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব।
বিডি প্রতিদিন/কেএইচটি