গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আসনটি ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্বাচন এলাকা বলেও পরিচিত।
বুধবার বিকালে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি ও তার নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তথ্য নিশ্চিত করে হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি বিজন রায় বলেন, গোবিন্দ চন্দ্র প্রামাণিক আগামী ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করবেন।
এ সময় হিন্দু মহাজোটের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন মন্ডল, প্রচার সম্পাদক (স্বেচ্ছাসেবক) ঝিনুক বিশ্বাস, গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীবেক বিশ্বাস, হিন্দু মহাজোটের কর্মী তুষার গাইনসহ সংগঠনের গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোবিন্দ চন্দ্র প্রামাণিক এ বিষয়ে বলেন, 'আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচনে লড়ব। বিভিন্ন রাজনৈতিক দল আমাকে প্রার্থী হতে অফার করেছিল, কিন্তু রাজি হইনি। কারণ, কোনো দলীয় প্লাটফর্মে প্রার্থী হলে, কথা বলা যায় না। এ জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
বিডি-প্রতিদিন/এমই