ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট উপলক্ষে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে ময়মনসিংহে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের সফর। তরুণ শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও এলইডি পর্দায় নির্বাচনী প্রচার ভিডিও প্রদর্শনের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়।
বৃহস্পতিবার সকাল ৮টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে প্রবেশ করে ভোটের গাড়ি। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম সুপার ক্যারাভানের শিল্পী ও কলাকুশলীদের স্বাগত জানান। প্রয়োজনীয় শব্দযন্ত্র ও মঞ্চ প্রস্তুতি শেষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে পরিবেশনা। শীতের সকালেও এ সময় সার্কিট হাউজ মাঠ জনসমাগমে মুখরিত হয়ে ওঠে।
প্রধান উপদেষ্টার নির্বাচনী ভিডিও বার্তার মাধ্যমে শুরু হওয়া এ পরিবেশনায় পরিবেশিত হয় ‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’, ‘সব ক’টা জানালা খুলে দাও না’সহ জনপ্রিয় দেশাত্মবোধক গান। পাশাপাশি এলইডি পর্দায় প্রদর্শিত নির্বাচনী ভিডিও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানস্থলে ভোটের গাড়ির সদস্যরা ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক একটি উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স স্থাপন করেন। তরুণ প্রজন্মসহ দর্শনার্থীরা সেখানে নিজেদের মতামত লিখে অংশগ্রহণ করেন।
পরিবেশনা শেষে শাহিনুর আলমের তত্ত্বাবধানে ভোটের গাড়িটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করে।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, চলমান সফরসূচি অনুযায়ী আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় এ ভ্রাম্যমাণ সুপার ক্যারাভান কার্যক্রম চালাবে।
প্রসঙ্গত, এর আগে গত সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্য সামনে রেখে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ঘুরে মানুষের দোরগোড়ায় গিয়ে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে এবং গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে।
বিডি-প্রতিদিন/সুজন