আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করীমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হামিদ বেগ, সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, ৫৪ বছরে কোনো রাজনৈতিক দল জাতির স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। বগুড়া-৬ আসনের ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি সবাইকে সঙ্গে নিয়ে বগুড়াবাসীর আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবেন।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ