ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের সব সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে জেলার ১৭টি উপজেলার নির্ধারিত স্থানে ব্রিফিং শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করা হচ্ছে। সকাল ১০টা থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা সরঞ্জাম গ্রহণ শুরু করেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৬ হাজারেরও বেশি সদস্য মাঠে কাজ করছেন।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো জেলায় ৩ হাজার ৯৫৯ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, নির্বাচনে ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৫৫ প্লাটুন সেনা সদস্য, ৩৯ প্লাটুন বিজিবি, র্যাবের ২৪টি টিম, ব্যাটালিয়ন আনসারের ২৭২ জন সদস্য এবং আনসার ও ভিডিপির ১৯ হাজার ৩৮৩ জন সদস্য মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল