ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালী জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনের ৮৭৫টি ভোটকেন্দ্রে সাত বাহিনীর মোট ১৬ হাজার ৩৭৯ জন সদস্য মোতায়েন রয়েছেন।
মোতায়েনকৃত সদস্যদের মধ্যে রয়েছেন- সেনাবাহিনীর ৭০০ জন, বিজিবির ২৫০ জন, পুলিশের ২ হাজার ৬৫০ জন, র্যাবের ১০০ জন, নৌবাহিনীর ২৪০ জন, কোস্টগার্ডের ১ হাজার ৬৪ জন এবং আনসারের ১১ হাজার ৩৭৫ জন। আজ বুধবার সকাল ১১টা থেকে নোয়াখালী সদর উপজেলা সহ বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী মালামাল ও ব্যালট বাক্স পাঠানো হয়েছে।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় সেখানে কোস্টগার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করবে। অন্য পাঁচটি আসনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন।
জেলার ছয়টি আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ৬৩৯ জন। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮৭৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ হাজার ৬০৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১১ হাজার ২১৮ জন পোলিং কর্মকর্তা।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ব্যালট পেপার ও ভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ