গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদরের একাংশ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন তিনি।
অভিযুক্ত আজাদ আবুল কালাম শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে এ অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু উল্লেখ করেন, বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম নির্বাচনী আচরণবিধির ২০(খ) ধারা লঙ্ঘন করে ১১ দলের জোটের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তার (বিএনপি মনোনীত প্রার্থী) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আজাদ আবুল কালাম’ আইডি থেকে অপপ্রচার চালাচ্ছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, ‘গত রাতে গাজীপুরের শ্রীপুরে নির্বাচনকে প্রভাবিত করতে টাকা বিতরণের সময় বিএনপি মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর দুই কর্মী পায়েল ও রিয়েলকে নগদ পাঁচ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।’
অভিযোগে বলা হয়, প্রকৃতপক্ষে টাকাসহ আটক রিয়েল ও পায়েল মাদক কারবারের সঙ্গে জড়িত এবং জুলাই হত্যামামলাসহ বিভিন্ন অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক হন। নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগে তারা আটক হননি।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের শুরু থেকেই আবুল কালাম জামায়াতে ইসলামীর বিভিন্ন সভা-সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। একজন চাকরিজীবী হিসেবে সরকারি বেতন-ভাতা ভোগ করেও তিনি জামায়াতে ইসলামীর রোকন হিসেবে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন এবং নির্বাচনে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন।
অভিযোগে বলা হয়, যৌথবাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছাড়াই তার দুই কর্মী পাঁচ লাখ টাকাসহ আটক হয়েছেন বলে যাচাই-বাছাইহীন ভুয়া তথ্য প্রচার করে তার সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। এতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
আবেদনে সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি নির্বাচন কমিশনের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল